খাস জমির দখলদারদের প্রহারে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুর থানার গোকর্ণ গ্রান পঞ্চায়েতের চাহতপুর গ্রামে।
জানা গেছে, মৃতের নাম তৈমুর রহমান(৩০)। পেশায় বুনিয়াদপুর আদালতের মহুরী ওই যুবকের বাড়ী দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের চাহতপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ওই যুবকের বাড়ীর পাশে থাকা একটি খাস জমির দখল নিয়ে এক প্রতিবেশির সাথে তাদের বিবাদ চলছিল। আর সেই বিবাদের রেশ ধরে গত ২৫ শে এপ্রিল রাতে চন্ডিপুর থেকে চহতপুরে নিজের বাড়ী ফেরার সময় প্রতিবেশি শত্রু পক্ষের হাতে প্রহৃত হন তৈমুর। ওই যুবককে বেধড়ক পিটুনী দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে আত্মীয়রা গেলেও চিকিৎসার জন্য আহত তৈমুরকে ছাড়েনি দুস্কৃতিরা বলে অভিযোগ। এরপর স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে তৈমুর রহমানকে দুষ্কৃতিদের হাত থেকে উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ও পরে মালদার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এদিকে এতদিন মালদাতেই চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ২৭ শে এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছিল পরিবারের লোকজন। কিন্তু এদিন একটি এ্যাম্বুলেন্স এ করে নিয়ে যাবার পথেই রায়গঞ্জের শিলিগুড়ি মোড়েই প্রাণ হারান ওই যুবক। রাতেই পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মর্গে পাঠিয়েছে।
এবিষয়ে মৃতের কাকা রেজাউল ইসলাম অভিযোগ করে বলেন, তার ভাইপোকে পিটিয়ে মারা হয়েছে। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি যেন হয়। সেই সঙ্গে তিনি বলেন, তৈমূরকে যখন দুষ্কৃতিরা মেরেছিল তৎক্ষনায় তাকে চিকিৎসা করানো হলে সে আজ মারা যেতো না।